স্বামীকে খুন করে স্ত্রী গেলেন বাপের বাড়ি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ দুপুর
  • ৪৭২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
মাগুরার শ্রীপুরে মো. রাব্বি মন্ডল (৩২) নামে এক বালু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তারকে (২৭) আটক করেছে পুলিশ।

নিহত রাব্বি মন্ডল পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল মণ্ডলের ছেলে। তার সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ফারজানা আক্তার বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘুমন্ত অবস্থায় হামলার অভিযোগ

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকেই রাব্বি ও ফারজানার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা চলছিল। এর জেরে শুক্রবার ভোরে ঘরে ঘুমিয়ে থাকা রাব্বির গলায় ধারালো দা দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, সকাল ৮টার দিকে ফারজানার বাবা ফয়জার ফোন করে জানান, রাব্বি ও ফারজানার মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছে। খবর পেয়ে রাব্বির বাবা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

বাবার বাড়ি থেকে স্ত্রী আটক

হত্যাকাণ্ডের পর ফারজানা আক্তার আমতৈল গ্রামে বাবার বাড়িতে চলে যান। পরে বিষয়টি জানাজানি হলে ফারজানার বাবা পুলিশকে খবর দেন। শ্রীপুর থানা পুলিশ সেখানে গিয়ে তাকে হেফাজতে নেয়।

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, দাম্পত্য ও পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মূল অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, তা নিশ্চিত হওয়া যাবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad