পাহাড় কেটে ইটভাটা, লামায় ১৩ মালিককে ২৯ লাখ টাকা জরিমানা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ১২:০২ দুপুর
  • ৪৬৫৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড় কেটে ইটভাটার কাঁচামাল সংগ্রহ এবং পরিবেশ ধ্বংসের অভিযোগে ১৩টি ইটভাটার মালিককে মোট ২৯ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নুর উদ্দিনসহ স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

৩৯ ইটভাটার ৩৩টিই ফাইতংয়ে

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, লামা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ৩৯টি ইটভাটা গড়ে উঠেছে। এর মধ্যে ফাইতং ইউনিয়নেই রয়েছে ৩৩টি। এছাড়া পৌরসভা এলাকায় একটি, গজালিয়া ইউনিয়নে একটি, ফাঁসিয়াখালীতে তিনটি এবং সরই ইউনিয়নে একটি ইটভাটা রয়েছে।

অভিযোগ রয়েছে, এসব ইটভাটায় বছরের পর বছর আশপাশের পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হচ্ছে। এতে গত কয়েক বছরে শতাধিক পাহাড় নিশ্চিহ্ন হয়ে এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগেও অভিযান, থামেনি পাহাড় কাটা

পাহাড় কাটা বন্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে। এর আগে ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া কয়েক কোটি টাকা জরিমানা, ভাটা মালিকদের কারাদণ্ড এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হলেও পাহাড় কাটা বন্ধ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবারের অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ১৩টি ইটভাটার মালিককে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন তাদের মোট ২৯ লাখ টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে ইউবিএম-১, ইউবিএম-২, বিবিসি, এবিসি-২, এবিসি-৪, এসএসবি, এসবিডাব্লিউ, ৭বিএম, ৫বিএম, কেবিসি, এসএবি ও এমএইচবি নাম উল্লেখ করা হয়েছে।

পাঁচ ভাটা মালিকের বিরুদ্ধে মামলা

এর আগে অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং পাহাড় কেটে পরিবেশের অপূরণীয় ক্ষতি করার অভিযোগে ফাইতং ইউনিয়নের পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে মামলাগুলো করেন।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে কোনোভাবেই ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। পরিবেশ বিধ্বংসী অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad