শ্রমিক আন্দোলনের নামে যারা বর্তমানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে শ্রমিকদের প্রকৃত স্বার্থসংশ্লিষ্ট দাবির মিল নেই। শ্রমিকদের অন্যতম দাবি ছিল মজুরি বোর্ড গঠন, ইতোমধ্যে সেই বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। অথচ সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গ্রেপ্তার হওয়া মুখোশধারীদের রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে। বিষয়টি থেকে বোঝা যায়, আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।
তিনি বলেন, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন বর্তমানে চলমান নেই। শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ফলে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে সহিংস কর্মকাণ্ডকে এক করে দেখার সুযোগ নেই।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে। অন্যথায় অল্প সময়ের মধ্যেই সভা করে মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা শুরু হবে।
তিনি আরও বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন। শ্রমিকদের সমস্যাগুলো সহানুভূতির সঙ্গে দেখার নির্দেশনাও রয়েছে। তাই বাস্তবতার নিরিখেই নতুন মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক