নেত্রকোনার দুর্গাপুরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এ তদন্তকেন্দ্র পরিচালনার জন্য ১৬টি অস্থায়ী পদ সৃষ্টি ও দুটি মোটরসাইকেল অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।
নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এ অগ্রগতি হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে এ-সংক্রান্ত সরকারি পত্র জারি করা হয়। উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত ওই পত্রে তদন্তকেন্দ্রের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও যানবাহনের অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।
দুর্গাপুরের বিজয়পুরের সাদামাটির পাহাড় ও চিনামাটির লেকসহ বিভিন্ন দর্শনীয় স্থান দেশের পর্যটকদের কাছে আকর্ষণীয়। পাহাড়, নদী, স্বচ্ছ জলাশয় ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ জনপদে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা আসেন। বিশেষ করে ছুটির দিন ও উৎসবের সময় পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এ ছাড়া সোমেশ্বরী নদী, রানীখং পাহাড়, গারো পাহাড় ও সাধুপাড়াসহ আশপাশের দর্শনীয় স্থানগুলোতেও পর্যটকদের আনাগোনা রয়েছে।
স্থানীয়দের মতে, পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই সেখানে স্থায়ী পুলিশি উপস্থিতির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। পর্যটকদের চলাচলের নিরাপত্তা, অপরাধ দমন, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষায় পুলিশ তদন্তকেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটন এলাকায় পুলিশের তৎপরতা বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পর্যটকেরা দ্রুত পুলিশি সহায়তা পাবেন। এতে পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের এ উদ্যোগকে দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তদন্তকেন্দ্রটির কার্যক্রম চালু হলে চিনামাটির পাহাড়সহ আশপাশের পর্যটন এলাকাগুলোতেও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে।

প্রথম দর্পণ,ডেস্ক