আইন পেশায় দ্রুত অর্থ উপার্জনের মানসিকতা পরিহার করে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে দক্ষ আইনজীবী হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, শর্টকাটে টাকা আয়ের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। একজন প্রকৃত আইনজীবীকে মক্কেলের আর্থিক সামর্থ্যের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে আদালতে দাঁড়াতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই এমন একটি পথ তৈরি হবে, যা হবে মসৃণ ও প্রগতিশীল। এ জন্য তরুণ আইনজীবীদের এখন থেকেই পেশাগত সততা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।
তিনি বলেন, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর সময় শুধু মক্কেলের দেওয়া ফি বা আর্থিক বিষয়কে প্রাধান্য দেওয়া উচিত নয়। বরং ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করতে হবে। মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনায় না নিয়ে পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে আইনি সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, একজন ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হওয়ার বিকল্প নেই। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক গুণাবলিও ধারণ করতে হবে। আইন পেশাকে কেবল অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে না দেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক