পরীমনির আচরণের নিন্দা রাশেদ খানের, সাংবাদিক রাজুর পাশে থাকার ঘোষণা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ বিকাল
  • ৭৬৪৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকার আদালত প্রাঙ্গণে মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে চিত্রনায়িকা পরীমনি গালিগালাজ ও হুমকি দিয়েছেন—এমন অভিযোগের পর ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে সাংবাদিক রাজুর পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ের একটি ঘটনার স্মৃতিচারণ করেন। রাশেদ খান জানান, তৎকালীন আন্দোলনের মধ্যে নুরুল হক নুরকে আদালতে নেওয়ার সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু তাকে প্রশ্ন করেন, ‘নুর ভাই, আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে?’

জবাবে নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনার ৯০ শতাংশ পতন হয়ে গেছে, ১০ শতাংশ ধাক্কা দাও।’ পরে রাজুর ধারণ করা ভিডিওটি সমকালের ফেসবুক পেজে প্রকাশিত হলে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমেও ভিডিওটি প্রচারিত হয় বলে পোস্টে উল্লেখ করেন রাশেদ খান।

তিনি বলেন, ওই বক্তব্য গণঅভ্যুত্থানের সময় মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল। তবে বক্তব্যটি সামনে আসার পেছনে সাংবাদিক রবিউল ইসলাম রাজুর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা অনেকেই জানেন না।

রাজুর ব্যক্তিগত ও পেশাগত গুণাবলির প্রশংসা করে রাশেদ খান লেখেন, রাজু অত্যন্ত অমায়িক ও ভদ্র স্বভাবের একজন মানুষ। সব সময় পরিপাটি থাকেন এবং তার আচরণ ও কথাবার্তায়ও সেই শালীনতার প্রতিফলন রয়েছে।

রাজুর এক হাতে জন্মগত ত্রুটি থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি কখনো তার পেশাগত কাজে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং ক্যামেরা পরিচালনা ও ভিডিও সম্পাদনায় তার দক্ষতা প্রশংসনীয়।

সাংবাদিক রাজুকে অপদস্থ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাশেদ খান বলেন, তাকে যেভাবে দোষারোপ করে হেয় করা হয়েছে, তা নিন্দনীয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাজুর সঙ্গে আছি, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিক রবিউল ইসলাম রাজুকে চিত্রনায়িকা পরীমনি অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad