ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা সংলগ্ন তেঁতুলিয়া নদী দিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। জব্দ করা সারের পরিমাণ ২৪ হাজার ৬০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন তেঁতুলিয়া নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪৯২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটে থাকা আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালীর আজগর হোসেন ও মো. সেলিম, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, চরফ্যাশনের মো. শামীম ও মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাটের মো. সিরাজ এবং দৌলতখানের মো. রায়হান।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা ইউরিয়া সারের পরিমাণ ২৪ হাজার ৬০০ কেজি। এর আনুমানিক মূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা। সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, দেশের সার ও অন্যান্য পণ্য অবৈধভাবে পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ,ডেস্ক