সোমবার (৯ নভেম্বর) মেটা এ ঘোষণা দেয়। কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ, সমালোচনা ও আইনি চাপের মুখে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
মেটা জানিয়েছে, ব্যবহারকারীর পোস্ট, অনলাইন আচরণসহ বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে এআই প্রযুক্তি বয়স সম্পর্কে ধারণা করবে। কেউ ভুয়া জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুললেও তার প্রকৃত বয়সের সঙ্গে অনলাইন আচরণের অসংগতি থাকলে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা হতে পারে।
এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি চালু করা হয়েছিল। পরীক্ষার পর এবার বিশ্বব্যাপী সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
ইনস্টাগ্রামের পর ফেসবুক-থ্রেডসেও চালু
নতুন ব্যবস্থার আওতায় চলতি মাস থেকেই যুক্তরাষ্ট্রে যেসব অভিভাবক কিশোর সন্তানদের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটআপ করেছেন, তারা এ বিষয়ে নোটিফিকেশন পাবেন। চলতি বছরের শেষ নাগাদ ফেসবুক ও থ্রেডসেও বয়স শনাক্তকরণ প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে মেটার।
প্রতিষ্ঠানটির মতে, এতদিন ভুয়া জন্মতারিখ ব্যবহার করে বয়সভিত্তিক বিধিনিষেধ ও অভিভাবকের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। নতুন প্রযুক্তি চালু হলে সেই সুযোগ অনেকটাই সীমিত হবে।
টিন অ্যাকাউন্টে থাকছে বাড়তি বিধিনিষেধ
মেটার নতুন ব্যবস্থায় কিশোরদের অ্যাকাউন্টে বেশ কিছু নিরাপত্তামূলক বিধিনিষেধ যুক্ত করা হয়েছে। এসব অ্যাকাউন্ট ব্যবহারে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টার সীমা নির্ধারণ করা হয়েছে। রাতে ঘুমের সময় স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন বন্ধ থাকবে।
এ ছাড়া লাইক ও রিঅ্যাকশনের মতো সামাজিক তুলনা তৈরি করতে পারে এমন ফিচার আড়াল রাখা হবে। অপরিচিত কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে কিশোর ব্যবহারকারী প্রথমবার চ্যাট করলে অভিভাবককে তাৎক্ষণিক নোটিফিকেশন পাঠানো হবে।
আত্মহত্যা, আত্মক্ষতি কিংবা খাদ্যাভ্যাসজনিত মানসিক সমস্যার (ইটিং ডিসঅর্ডার) মতো সংবেদনশীল বিষয়ে কিশোররা অনুসন্ধান করলে অভিভাবকদের সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি চেহারায় পরিবর্তন আনে এমন কিছু ফিল্টারের ব্যবহার সীমিত করা হবে।
আইনি চাপ ও সমালোচনার মুখে মেটার উদ্যোগ
বিশ্বের বিভিন্ন দেশের শিশু বিকাশ ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। তাঁদের মতে, এসব প্ল্যাটফর্মের অতিরিক্ত ব্যবহার কিশোরদের মধ্যে আসক্তি, মানসিক চাপ ও আত্মবিশ্বাসের সংকট তৈরি করতে পারে।
গত বছর অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এ নিষেধাজ্ঞার বৈজ্ঞানিক ভিত্তি ও সাংবিধানিক বৈধতা নিয়ে পরবর্তী সময়ে আইনি বিতর্ক তৈরি হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরাও অপ্রাপ্তবয়স্কদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাবের অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে মেটা বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলারের আইনি সমঝোতায় পৌঁছায় এবং অপ্রাপ্তবয়স্কদের বয়স যাচাইয়ের ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দেয়।
টিকটক-ইউটিউবকেও একই উদ্যোগের আহ্বান
কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নিজেদের প্ল্যাটফর্মে ব্যবস্থা নেওয়াকে যথেষ্ট মনে করছে না মেটা। প্রতিষ্ঠানটি বলছে, ইনস্টাগ্রাম কেবল একটি অ্যাপ; কিশোর-কিশোরীরা একই সঙ্গে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে।
এ কারণে টিকটক ও ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোকেও একই ধরনের বয়স যাচাই ও নিরাপত্তামূলক ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: আল জাজিরা।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স