প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা রয়েছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে তাঁদের অন্তালিয়ায় পৌঁছানোর কথা। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় অন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে।
জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের অন্তালিয়ায় অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ১২ নভেম্বরের ভাষণে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ কারণে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের প্রধান অগ্রাধিকার।
কপ সম্মেলনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে স্থাপন করা হয়েছে একটি পাট প্যাভিলিয়ন। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়েও আলোচনা চলছে।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ১২ ও ১৩ নভেম্বর ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের নারীদের বিশেষ ঝুঁকির বিষয়টি তুলে ধরা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
২১ সদস্যের প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক (এসডিজি) অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ জাতিসংঘের বৈশ্বিক জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন। চলতি বছরের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনায় কো-চেয়ারের দায়িত্ব পালন করছে। সম্মেলন শেষে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক