রাজনৈতিক হয়রানির মামলা হলে হত্যা মামলাও প্রত্যাহার: আইনমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ বিকাল
  • ৫৬৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিগত সরকারের আমলে দায়ের করা কোনো হত্যা মামলাও রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রমাণিত হলে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে ধর্ষণ মামলা এ সিদ্ধান্তের বাইরে থাকবে। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও যাচাই-বাছাই শেষে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী বলেন, ‘যাদের বিরুদ্ধে এখন মামলা আছে—শুধু ধর্ষণ মামলা বাদে, অন্য যেকোনো ধরনের মামলা, হত্যা মামলা হলেও, সেটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় এবং আমাদের স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে আসে, আমরা সেটা প্রত্যাহার করে দেব।’

তিনি বলেন, কোনো মামলার গায়ে রাজনৈতিক মামলা লেখা থাকে না। এ কারণে যেসব রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে, তাঁদের নির্ধারিত ফরমে মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে। যথাযথ যাচাই-বাছাই ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন নিষ্পত্তি করা হবে।

জয়নুল আবদিন ফারুকের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধেও মামলা থাকলে দ্রুত আবেদন করতে পারেন। সরকার সে আবেদন বিবেচনা করে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবে।

খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা আদালতে নিষ্পত্তি

আইনমন্ত্রী সংসদে জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো তাঁদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহারের আবেদন করেননি। আদালতের মাধ্যমে তাঁদের মামলাগুলো নিষ্পত্তি হয়েছে।

এর আগে সম্পূরক প্রশ্নে জয়নুল আবদিন ফারুক দাবি করেন, বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ৮৬টি মামলা দায়ের করা হয়েছিল। সংসদে বিরোধী দলের চিফ হুইপ থাকাকালে একই দিনে দেশের ৬৪ জেলায় তাঁর বিরুদ্ধে ৬৪টি মামলা করা হয় বলেও দাবি করেন তিনি। এসব মামলা এখনো প্রত্যাহার হয়নি উল্লেখ করে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপনের দাবি জানান তিনি।

প্রত্যাহার হয়েছে ২৪ হাজার ১৩টি মামলা

এর আগে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে।

এ লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সার্টিফায়েড কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।

মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, জনস্বার্থে তা পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নিয়ে কমিটিগুলো প্রত্যাহারের সুপারিশ করে।

আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা ও মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বয়ের জন্য তাঁকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অন্যদিকে, কেরামত আলী তাঁর প্রশ্নে বলেন, বিগত সরকারের আমলে দায়ের করা বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় হাজার হাজার মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ এবং কবে নাগাদ সেগুলো নিষ্পত্তি হবে, তা জানতে চান তিনি।

তথ্যসূত্র: জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad