সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন আজহারী।
তিনি বলেন, স্বামী সাধারণত নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে সবকিছু দিতে চান। তবে স্ত্রীর উচিত কোনো কিছু চাওয়ার আগে স্বামীর আর্থিক সক্ষমতা বিবেচনা করা। সামর্থ্যের বাইরে কোনো চাহিদা চাপিয়ে দেওয়া কিংবা তা পূরণ না হলে সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দেওয়া দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করতে পারে।
উদাহরণ দিয়ে আজহারী বলেন, কারও ব্যবহার উপযোগী ভালো একটি ফোন থাকলেও যদি তিনি স্বামীর কাছে সামর্থ্যের বাইরে দামি মডেলের ফোন দাবি করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা না পেলে বাবার বাড়ি চলে যাওয়ার হুমকি দেন, তাহলে এমন জেদ সংসারের ভালোবাসাপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারে।
দাম্পত্যে পারস্পরিক দায়িত্ব পালনের আহ্বান
আজহারী বলেন, সুন্দর সংসার একদিনে গড়ে ওঠে না। প্রতিদিনের ছোট ছোট আচরণ, ত্যাগ ও আন্তরিকতার মধ্য দিয়ে একটি পরিবারে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই স্বামী-স্ত্রী উভয়েরই দাম্পত্য সম্পর্কের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, স্বামী হিসেবে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করতে হবে। একইভাবে স্ত্রী হিসেবেও অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করা জরুরি। উভয় পক্ষ নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন হলে দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হতে পারে।
নবীজির (সা.) জীবনের ঘটনা তুলে ধরেন
বার্তায় আজহারী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পারিবারিক জীবনের একটি ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন, একবার নবীজির স্ত্রীরা সংসারের ব্যয় ও প্রয়োজন মেটাতে আরও বেশি সুযোগ-সুবিধা চেয়েছিলেন। এ প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নবীজিকে তাঁদের সামনে দুনিয়ার ভোগবিলাস ও আল্লাহর রাসুলের সঙ্গে থাকার মধ্য থেকে একটি বেছে নেওয়ার সুযোগ দিতে নির্দেশনা দেন।
আজহারীর বর্ণনা অনুযায়ী, বিষয়টি জানার পর নবীজির স্ত্রীরা অনুতপ্ত হন এবং তাঁর সঙ্গেই সন্তুষ্ট থাকার কথা জানান।
বার্তার শেষাংশে সবার জন্য ভালোবাসা, রহমত ও প্রশান্তিতে পরিপূর্ণ দাম্পত্য জীবনের দোয়া করেন আজহারী।
তথ্যসূত্র: মিজানুর রহমান আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজ।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স