শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। এর ফলে আইআরএফের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, আইআরএফ ও এর প্রতিষ্ঠাতা-সভাপতি জাকির নায়েক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহযোগিতা করেছেন। তাঁর বিভিন্ন বক্তব্য ও বক্তৃতাকে আপত্তিকর এবং উসকানিমূলক বলেও উল্লেখ করেছে ভারত সরকার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাকির নায়েক বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যের মাধ্যমে ভারতসহ বিভিন্ন দেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগও এনেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারত সরকারের আশঙ্কা, আইআরএফের কার্যক্রম নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটি আবারও কর্মীদের সংগঠিত করতে পারে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, বিচ্ছিন্নতাবাদে উসকানি এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি তৈরির আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথমবারের মতো আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে ভারত সরকার। পরে ২০২১ সালের ১৫ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। এবার তৃতীয় দফায় প্রতিষ্ঠানটির ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হলো। আগের দুই দফার নিষেধাজ্ঞাই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনালে বহাল ছিল।
উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ছাড়ার পর থেকে জাকির নায়েক মালয়েশিয়ায় অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদান ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি ভারত সরকারের।

প্রথম দর্পণ,ডেস্ক