মণিপুরে সড়কে স্নাইপার হামলা, নিহত ৪ নাগা নাগরিক নাগা-কুকি সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা, নিরাপত্তা জোরদার

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯ দুপুর
  • ৬৫৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। রাজ্যের উখরুল জেলায় জাতীয় মহাসড়কে স্নাইপারের গুলিতে চার নাগা বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) ইম্ফল থেকে উখরুলগামী সড়কের নিউ হেভেন এলাকায় দুটি গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। এ ঘটনায় রাজ্যে নাগা-কুকি সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন কাপাংখুই রাইহিং, তার ছেলে হাওলেইলা রাইহিং এবং দুই ভাই অগাস্ট এনগালুং ও খানমিলা এনগালুং। হামলার সময় মা-ছেলে একটি গাড়িতে এবং অপর গাড়িতে দুই ভাই ছিলেন। সশস্ত্র হামলাকারীদের গুলিতে চারজনই ঘটনাস্থলে প্রাণ হারান।

মণিপুর পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালিয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সেনাবাহিনী ও আসাম রাইফেলসের সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চলছে।

পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

হামলার পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ইন্ডিজেনাস পিপলস ফোরাম এ হামলার জন্য কুকি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের যোগসাজশ কিংবা দায়িত্ব পালনে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, কুকি সিভিল সোসাইটি ওয়ার্কিং কমিটি হামলার নিন্দা জানিয়ে কুকি জনগোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির বক্তব্য, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর সামগ্রিকভাবে হামলার দায় চাপানো উচিত নয়। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত এবং সব জনগোষ্ঠীর জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

২৪ ঘণ্টায় পাঁচজন নিহত

এর আগে বৃহস্পতিবার সেনাপতি ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী এলাকায় ধানখেতে কাজ করার সময় গুলিতে ৪২ বছর বয়সী এক কুকি নারী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। পরে উখরুলে গুলিতে এক নাগা ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়। কুকি নারীর মৃত্যুর প্রতিবাদে কাংপোকপি জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হচ্ছে।

একের পর এক প্রাণহানির ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের আইনসভা দলের নেতা কেইশাম মেঘাচন্দ্র। ২৪ ঘণ্টায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় সরকারের জবাবদিহি দাবি করে তিনি নাগা ও কুকি—উভয় সম্প্রদায়ের বেসামরিক নাগরিক হত্যার নিন্দা জানান। তার মতে, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সংঘাত অবসানে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ ছাড়া রাজ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

চলতি বছর নাগা-কুকি সংঘাতে নিহত ৬৬

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নাগা-কুকি সংঘাতে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া মেইতেই-কুকি সংঘাতে প্রাণ হারিয়েছেন ৩০০ জনের বেশি মানুষ।

দীর্ঘদিনের জাতিগত উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও নিরাপত্তাহীনতার মধ্যে নতুন করে এই হত্যাকাণ্ড মণিপুরের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার সুষ্ঠু তদন্ত এখন রাজ্যটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad