বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় সপ্তম মুফতি তাকি উসমানি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ দুপুর
  • ৮৬৫৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় সপ্তম স্থান অর্জন করেছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মীয় পণ্ডিত মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’ শীর্ষক বার্ষিক প্রকাশনায় বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে তাঁর এ অবস্থান উঠে এসেছে।

জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রকাশনায় মুফতি তাকি উসমানিকে হাদিস, ইসলামি আইনশাস্ত্র (ফিকহ) ও ইসলামি অর্থনীতির অন্যতম শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। দেওবন্দি চিন্তাধারার প্রভাবশালী এ আলেমের ইসলামি শিক্ষা ও গবেষণায় বিশ্বজুড়ে উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তালিকায় ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থানে

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তালিকায় মুফতি তাকি উসমানি দ্বিতীয় অবস্থানে ছিলেন। এর আগে ২০২৫ সালে ষষ্ঠ এবং ২০২৪ সালে অষ্টম স্থানে ছিলেন তিনি। অর্থাৎ কয়েক বছর ধরেই বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় প্রথম সারিতে রয়েছেন এই ইসলামি চিন্তাবিদ।

বিচারক ও ইসলামি অর্থনীতিবিদ হিসেবে পরিচিতি

১৯৪৩ সালের ৫ অক্টোবর ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। তিনি পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি মুফতি মুহাম্মদ শফির ছেলে। তাঁর বাবা করাচিতে দারুল উলুম প্রতিষ্ঠা করেন।

মুফতি তাকি উসমানি ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামি ব্যাংকিং ও অর্থব্যবস্থার বিকাশেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্বের এক ডজনের বেশি ইসলামি আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডের প্রধান বা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

১৪৩টির বেশি বইয়ের রচয়িতা

আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪৩টির বেশি। পবিত্র কোরআনের ইংরেজি ও উর্দু অনুবাদের পাশাপাশি সহিহ মুসলিমের ছয় খণ্ডের আরবি ব্যাখ্যাগ্রন্থও রচনা করেছেন তিনি।

২০২৬ সালের জুলাইয়ে পাকিস্তানের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর বৃহত্তম ফেডারেশন ওয়াফাকুল মাদারিস আল-আরাবিয়া পাকিস্তানের সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন মুফতি তাকি উসমানি। এর আগে ২০১৯ সালে পাকিস্তান সরকার তাঁকে দেশটির অন্যতম বেসামরিক সম্মাননা ‘সিতারা-ই-ইমতিয়াজ’ প্রদান করে।

উল্লেখ্য, ‘দ্য মুসলিম ৫০০’ প্রকাশনায় বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad