শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ থেকে চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসা পর্যন্ত নদীভাঙনকবলিত এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনামানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর ভাঙনে দেহেরগতি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন এবং চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
তাঁরা জানান, নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা না থাকায় নদীতীরবর্তী বাসিন্দারা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে অনেক পরিবার বসতভিটা ও সহায়-সম্বল হারিয়েছে। দ্রুত নদীশাসন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
দোয়ারিকা সেতু থেকে স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত নদীশাসনের দাবিমানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক ও স্থানীয় সমাজকর্মী সুজন মুন্নার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহিনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেনায়েত, ইউনিয়ন জামায়াতের আমির এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক হাফেজ মমিনুল ইসলামসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
কর্মসূচি থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) থেকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকায় নদীশাসন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেহেরগতি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, বসতবাড়ি, আবাদি জমি ও যোগাযোগব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
তথ্যসূত্র: উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল); ১৪ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক