সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জানার অধিকার জাতির রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ইতোমধ্যে তারা সংসদে নোটিশ দিয়েছেন। এসব নোটিশের বিষয়ে সংসদে জবাব না পেলে জনগণের আদালতে বিষয়গুলো তুলে ধরতে হবে। এ জন্য দলের দায়িত্বশীল নেতাকর্মীদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নে অনড় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের আত্মত্যাগ এবং হাজার হাজার মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তনের প্রতিফলন ঘটাতে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি।
সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণের কণ্ঠস্বর হিসেবে তারা সংসদে ভূমিকা রাখবেন। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় কার্যকরের দাবিতে তাদের অবস্থান অব্যাহত থাকবে।
বৈঠকে বার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে রোববার দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম দর্পণ,ডেস্ক