গোপন নির্বাচনি কৌশলে এগোচ্ছেন জামায়াত আমির
সমমনা দলগুলোকে নিয়ে 'নির্বাচনি জোট' গঠনের পরিকল্পনা বাতিল করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনি আসন ভিত্তিক সমঝোতা করার ঘোষণা দিয়েছে জামায়াত।
প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সমমনা দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টার পর দলটির আসন সমঝোতার ঘোষণা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষ করে এটি কোনো 'বিশেষ' বা 'গোপন কৌশল' কি না সেই প্রশ্নও তুলছেন অনেকে।
অনেকে বলছেন, বেশি দলের আলাদা অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হিসেবে মানুষের কাছে বিবেচিত হতে পারে, সেজন্যই এমন কৌশল নিয়েছে দলটি।
তাদের মতে, বিএনপিও সমমনাদের জন্য সুনির্দিষ্ট আসন রেখে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করায় এখন জামায়াতও একই পথে হাঁটতে যাচ্ছে।
যদিও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাদের সিদ্ধান্ত হলো প্রচলিত কাঠামোগত জোট না করে সমমনাদের সাথে বসে তারা নিশ্চিত করবেন যাতে একই আসনে তাদের একাধিক প্রার্থী না হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০০১ সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে ছিল। জোটবদ্ধ নির্বাচনের পর ওই জোট ক্ষমতায় আসলে দলটির দুজন শীর্ষ নেতা জোট সরকারের মন্ত্রীও হয়েছিলেন। তবে ২০২২ সালের ডিসেম্বরে জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ