সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দায় রাষ্ট্রের ব্যর্থতা—স্বীকার করলেন সড়কমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রের ব্যর্থতার দায় রয়েছে বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, “এ মৃত্যুর জন্য রাষ্ট্রের ব্যর্থতার দায় অবশ্যই আছে, আমরা তা অস্বীকার করছি না।”
শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর ক্ষতি কোনো রাষ্ট্রই পূরণ করতে পারে না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাষ্ট্র থাকবে এবং কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক সেবায় তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান।
ঈদযাত্রা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার প্রায় দেড় কোটি মানুষ ও এক কোটি কোরবানিযোগ্য পশু পরিবহন চ্যালেঞ্জ হবে। তবে সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা থাকলে যাত্রা নির্বিঘ্ন করার চেষ্টা করা হবে।
তিনি আরও জানান, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে ৮ লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ২ লেন সার্ভিস লেন নির্মাণের উদ্যোগ চলছে। কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদসহ স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জানানো হয়, কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবারের মাঝে ৪ কোটি ৩০ লাখ টাকা এবং আহত ৩৩ জনের মাঝে ৫৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন কুমিল্লা ও বিআরটিএ কুমিল্লা সার্কেল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ