শিক্ষকদের জন্য নতুন পে স্কেলে বড় সুখবরের ইঙ্গিত, বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা
নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার সম্ভাবনা রয়েছে।
নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক সমাজও এতে অন্তর্ভুক্ত হবেন কি না—এ নিয়ে শিক্ষা খাতে ব্যাপক আলোচনা চলছে।
জানা গেছে, নবগঠিত বেতন কমিশনের সুপারিশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের মূল বেতন প্রায় ১১ হাজার টাকা থেকে প্রায় দ্বিগুণ করার বিষয়টি আলোচনায় রয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষকদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
শুধু শিক্ষকই নন, ১১ থেকে ২০তম গ্রেডের অন্যান্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি টিফিন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তবে নতুন পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি কিছু অনিশ্চয়তাও দেখা দিয়েছে। বিশেষ করে নবম পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকরা একই হারে বেতন-ভাতা পাবেন কি না—এ বিষয়টি এখনো পরিষ্কার নয়। ফলে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে এ নিয়ে উদ্বেগও রয়েছে।
অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে বর্তমান সরকারি বেতন ব্যবস্থার আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা এর সুবিধা পাবেন। একই সঙ্গে মূল বেতন ছাড়াও বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

মোঃ জাকির হোসাইন,সম্পাদক