হামের প্রকোপে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬১৬
দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে সন্দেহভাজন হাম নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৬১৬ জন।
শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও আট শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪৮৫ জনের। সব মিলিয়ে এ সময় পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক