দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ১৩৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া পরীক্ষার মাধ্যমে আরও ৬৯ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৭৫ হাজার ৭০৮ জনের শরীরে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ২৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৪৩ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মারা যাওয়া একজন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া হামের উপসর্গে মারা যাওয়া অপর তিনজন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বাসিন্দা।
ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক