সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০৭

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২২ জুলাই ২০২৬, ০৪:৩৫ দুপুর
  • ৭৩৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সন্দেহভাজন ও পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

বুধবার (২২ জুলাই) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন-২০২৬’ থেকে এ তথ্য জানা যায়।

মারা যাওয়া দুই শিশু হলো মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাজীপুর এলাকার বিবেকের পাঁচ মাস বয়সী কন্যা আরাধ্যা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিকলা এলাকার সুমন মিয়ার পাঁচ মাস বয়সী কন্যা তাইবা। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগীর নমুনায় ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত না হলেও এ পর্যন্ত বিভাগে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা বেড়ে ৫৬৮ জনে পৌঁছেছে।

এদিকে একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৮৩ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলার টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad