ডেঙ্গুর থাবা আরও ভয়াবহ: ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩৯

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ বিকাল
  • ৭৯৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ১৮১ জন।

এ নিয়ে চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩৬ জনে। একই সময়ে এ রোগে ২২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে ৪১৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যু হয়েছে এবং ১২ হাজার ৬৪০ জন আক্রান্ত হয়েছেন।

মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসের ২৫ দিনেই ২২ জনের মৃত্যু হয়েছে।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। অন্যদিকে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে এখন পর্যন্ত ২ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad