আদ্-দ্বীন হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান: অনিয়মের প্রমাণে ৩ লাখ টাকা জরিমানা
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবা কার্যক্রম দীর্ঘ সময় ধরে পরিদর্শনের পর একাধিক অসঙ্গতি শনাক্ত করা হয়। এসব অনিয়মের কারণে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।
তিনি বলেন, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপের মিটার পাওয়া যায়নি। কেবল চিকিৎসকদের চেম্বারগুলোতে প্রয়োজনীয় মিটার সংযুক্ত ছিল। এছাড়া হাসপাতালের কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খাদ্যপণ্যের ত্রুটিপূর্ণ লেবেলিংয়ের বিষয়টিও নজরে আসে।
ম্যাজিস্ট্রেট আরও জানান, চিহ্নিত ত্রুটিগুলো দ্রুত সংশোধনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও অবহিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান না হলে পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মের পেছনে জনবল সংকটকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে।
অভিযানের সময় হাসপাতাল ভবনের ওপর অপরিচ্ছন্ন বেকারি পরিচালনার অভিযোগ নিয়েও অনুসন্ধান চালানো হয়। এ বিষয়ে প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানের সময় বেকারিটি বন্ধ পাওয়া গেছে। হাসপাতাল ভবনের ভেতর দিয়েই বেকারির অংশে প্রবেশ করা সম্ভব হয়েছে এবং একই ভবনের সঙ্গে এর সংযোগ পাওয়া গেছে।
উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে হাসপাতালের ওপর অপরিচ্ছন্ন পরিবেশে একটি বেকারি পরিচালনার অভিযোগ উঠে আসে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে আসছে, বেকারিটি তাদের ভবনে নয়; পাশের একটি ভবনে অবস্থিত।
এদিকে সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনুর পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং র্যাবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এ নোটিশ পাঠানো হয়।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক