আদ্-দ্বীন হাসপাতালে ‘বেকারি’ শনাক্ত, তদন্তে নতুন তথ্য; ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আদ্-দ্বীন হাসপাতালে ‘বেকারি’ শনাক্ত, তদন্তে নতুন তথ্য; ক্ষোভ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর


রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে পরিদর্শনে গিয়ে একটি বেকারির সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের ভেতরে পরিচালিত ওই বেকারির পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল প্রাঙ্গণে দুটি বৈদ্যুতিক ওভেন দিয়ে পরিচালিত একটি বেকারি পাওয়া গেছে। সেখানে প্রয়োজনীয় প্রকৌশল তদারকির অভাব ছিল এবং পরিবেশও ছিল অস্বাস্থ্যকর।

তিনি বলেন, “বেকারিটি থেকে কোনো ধরনের গ্যাস বা অন্য কোনো উপাদান নির্গত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হাজার হাজার শিক্ষার্থীর জন্য এখানেই খাদ্য প্রস্তুত করা হতো। তদন্তে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, তদন্তের স্বার্থে দুই চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাদের কাছ থেকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত কমিটিতে আরও তিনজন সদস্য যুক্ত করা হয়েছে। আগামী ৩ জুনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। এর আগে গত বুধবার (২৮ মে) রাতে স্বজনদের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই ছয় নবজাতকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে এক মা অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় নার্সকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) সাময়িকভাবে বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়।

তবে ওয়ার্ডে গরম অনুভূত হওয়ায় পুনরায় এসি চালু করা হলে কিছু সময়ের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। পরবর্তীতে একে একে বাকি নবজাতকরাও অসুস্থ হয়ে পড়ে এবং পরদিন সকালে ছয় নবজাতকের মৃত্যু হয়।

নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad