দেশের চার জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরের মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরসমূহের জন্য দেওয়া বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষ পূর্বাভাসে বলা হয়, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে, যা দেশে বর্ষাকালের আনুষ্ঠানিক সূচনার ইঙ্গিত দিচ্ছে।
তবে বৃষ্টির সম্ভাবনার মধ্যেও দেশের বেশ কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বর্তমানে চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের মতে, বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় আগামী দিনগুলোতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা গরমে অতিষ্ঠ মানুষের জন্য স্বস্তি বয়ে আনতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক