আষাঢ়ের শুরুতেই বৃষ্টির ঘাটতি, ফের দেশজুড়ে ভ্যাপসা গরম

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, ০৯:১৬ রাত
  • ৬৪৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আষাঢ় মাসের শুরুতে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত না হয়ে উল্টো তাপপ্রবাহ দেখা দিয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে সোমবার মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এই পরিস্থিতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সোমবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। অন্যদিকে, কুষ্টিয়ার কুমারখালিতে সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হলেও রাজধানীতে বৃষ্টি হয়েছে এক মিলিমিটারেরও কম।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে দেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা বলেন, “বর্ষা সাধারণত জুনের প্রথম দিক থেকেই শুরু হয়ে যায় এবং ইতোমধ্যে কিছু অঞ্চলে বৃষ্টিও হয়েছে। তবে বর্তমানে কয়েকটি কারণে আবার তাপপ্রবাহ দেখা দিয়েছে। এই অবস্থা আরও দুইদিন থাকতে পারে।”

তিনি আরও জানান, মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে। আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আবহাওয়াবিদদের মতে, চলতি মৌসুমে জুন–জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এবং তুলনামূলক বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে, যা ভ্যাপসা গরম পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad