দেশে চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকদের মতে এবার ‘হেমোরেজিক ডেঙ্গু’ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণের কারণ হতে পারে।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চিকিৎসকেরা আশঙ্কা করছেন, এবারের ডেঙ্গুর ধরন অত্যন্ত জটিল ও ভয়াবহ হতে পারে। হেমোরেজিক ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে দ্রুত রক্তক্ষরণ শুরু হওয়ার ঝুঁকি থাকে। তাই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা ও জনসচেতনতা প্রয়োজন।”
ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হবে। পরিদর্শনের সময় কোনো বাসাবাড়ি, প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার বিকল্প নেই। দক্ষিণ সিটি করপোরেশনের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, সংস্থাটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ। উভয় পক্ষের সমন্বিত উদ্যোগেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”
ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান সংশ্লিষ্টরা।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ