‘দেশের আইনশৃঙ্খলা নাজুক অবস্থায়’— সংসদে পরিসংখ্যান তুলে ধরলেন রুমিন ফারহানা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৮ জুন ২০২৬, ১০:০১ রাত
  • ২৩১৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের অপরাধচিত্র তুলে ধরে তিনি বলেন, হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও নারী-শিশু নির্যাতনের ঘটনায় দেশবাসী চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

সোমবার জাতীয় সংসদের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনস্বার্থে আনা নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বক্তব্যের শুরুতেই সংসদ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের খালি আসনের দিকে ইঙ্গিত করে রুমিন ফারহানা বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী আজ এখানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সামনে তাকিয়ে দেখলাম তার আসন খালি। তার অনুপস্থিতিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে হচ্ছে।”

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এ ছাড়া একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে বলেও সংসদকে অবহিত করেন রুমিন ফারহানা।

নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন।

রুমিন ফারহানা বলেন, “এই পরিসংখ্যানই প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক অবস্থায় পৌঁছেছে।”

সরকারের সাফল্য-ব্যর্থতার মূল্যায়নে তিনি বলেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা— এই দুই খাতের ওপরই সরকারের অন্তত ৫০ শতাংশ সফলতা বা ব্যর্থতা নির্ভর করে। বাকি অংশ অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি জবাবদিহির সুযোগ তৈরি হতো। দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad