মহাকাশে ‘মেড ইন বাংলাদেশ’ স্যাটেলাইট চায় সরকার, স্পারসোকে দ্রুত প্রস্তুতির নির্দেশ

  • মোঃ জাকির হোসাইন,সম্পাদক
  • আপলোড সময় : ০৮ জুন ২০২৬, ১০:১৮ রাত
  • ২২৮৭৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তায় আধুনিক মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়াতে মহাকাশে বাংলাদেশের তৈরি নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের কাছ থেকে চলমান গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন।

তিনি বলেন, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, জাতীয় নিরাপত্তা এবং মহাকাশ ও রিমোট সেন্সিং প্রযুক্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ প্রযুক্তিকে দেশের নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনায় আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে। একই সঙ্গে মহাকাশে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রতিরক্ষা উপদেষ্টা সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত মানচিত্র প্রণয়ন এবং ভূ-স্থানিক বুদ্ধিমত্তা (Geospatial Intelligence) উন্নয়নে স্পারসোর ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্পারসোর সংগৃহীত স্যাটেলাইট তথ্য ও গবেষণালব্ধ উপাত্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন অপারেশনাল ও গবেষণামূলক কাজে দ্রুত ব্যবহারের ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

তিনি স্যাটেলাইট ইমেজ প্রসেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং রিমোট সেন্সিংয়ের আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্পারসোর কারিগরি সক্ষমতা ও দক্ষ জনবল উন্নয়নের ওপরও গুরুত্ব দেন।

বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে ঘূর্ণিঝড়, বন্যা ও খরার আগাম সতর্কবার্তা প্রদান এবং ক্ষয়ক্ষতি নিরূপণে রিমোট সেন্সিং প্রযুক্তির আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে কৃষি উৎপাদন, মাটির আর্দ্রতা, বনসম্পদ ও পানিসম্পদ পর্যবেক্ষণের মাধ্যমে সরকারকে নির্ভুল তথ্য সরবরাহ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিরক্ষা উপদেষ্টা স্পারসো কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad