ঢাকা, ১০ জুন : বাংলাদেশে কথিত ‘পুশ-ইন’ এবং সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। জোটটির পক্ষ থেকে আগামী শুক্রবার দেশের সব সীমান্তবর্তী জেলা ও গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে। পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আগামী ১৫ জুন রাজধানীর শাহবাগের শহীদ হাদী চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সীমান্তে হত্যা এবং জোরপূর্বক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
তার দাবি, গত তিন মাসে ভারত থেকে ৫০টিরও বেশি ‘পুশ-ইন’ প্রচেষ্টার ঘটনা ঘটেছে এবং গত ১০০ দিনে সীমান্তে গুলিতে ১৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এসব ঘটনায় সরকারের কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ড. আযাদ বলেন, সীমান্তে প্রাণঘাতী শক্তি প্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার ও আইনের পরিপন্থী। তিনি সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং পররাষ্ট্রনীতিতে আরও দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা ও জীবনমান নিশ্চিত করতে সরকারের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তিনি সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার