‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন করে শেখ হাসিনার জন্ম হবে’— ভোলায় মিয়া গোলাম পরওয়ার

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, ০৪:১৩ দুপুর
  • ৬৯০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ভবিষ্যতে যে-ই ক্ষমতায় আসুক না কেন, সে আবারও স্বৈরাচারী শাসনের পথে হাঁটতে পারে। তাই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

শনিবার (১৩ জুন) ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা কর্মপরিষদ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে তা জাতির সঙ্গে প্রতারণার শামিল হবে। বাংলাদেশের জনগণ অতীতে যেমন কোনো প্রতারণা মেনে নেয়নি, ভবিষ্যতেও মেনে নেবে না।”

সরকার ঘোষিত নতুন বাজেটের সমালোচনা করে তিনি বলেন, “এটি জনগণের বাজেট নয়, বরং দলীয় নেতাকর্মীদের সুবিধা ও লুটপাটের সুযোগ তৈরির বাজেট। উচ্চাভিলাষী ও ঋণনির্ভর এ বাজেট সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।”

তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বাজেট প্রত্যাখ্যান করেছে এবং জনগণের স্বার্থ বিবেচনায় একটি ছায়া বাজেট উপস্থাপন করেছে। সরকারের উচিত সংশোধিত বাজেট প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, “ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের নয়; এটি দেশের মানুষের প্রতিষ্ঠান। কোনো গোষ্ঠী বা দল যদি এটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, জনগণ তা মেনে নেবে না।”

ভোলার উন্নয়ন প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জেলার নিজস্ব গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে শিল্পায়ন, একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযেম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজি।

এ সময় জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া পরিচালক অধ্যাপক আমির হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শূরা সদস্য এ এইচ এম ওয়ালীউল্লাহসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলার সব উপজেলা কর্মপরিষদের সদস্যরা অংশ নেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad