সীমান্তে কাঁটাতার কিংবা অভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তোলা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে।
শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জনগণের মতামত ও গণরায়কে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। সংস্কারবিহীন রাষ্ট্রব্যবস্থা দুর্নীতি, বৈষম্য ও প্রশাসনিক সংকটকে আরও গভীর করছে।
তিনি দাবি করেন, সম্প্রতি চট্টগ্রামে জাতীয় ক্রিকেট দলের এক সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।
এনসিপি আহ্বায়ক বলেন, “সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হলে জনগণ আবারও গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা পুনরায় বৃদ্ধি পেয়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সাধারণ মানুষ ও বিজিবি দেশের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করছে। কিন্তু সরকারের নতজানু পররাষ্ট্রনীতি পরিস্থিতিকে জটিল করে তুলছে। সীমান্ত হত্যা, দুর্নীতি ও বৈষম্যের মতো বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও কমে যাবে।
নাহিদ ইসলাম সরকারের প্রতি দ্রুত রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং জুলাই সনদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি জনগণের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক