জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে, তাদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই।” তিনি সরকারের সমালোচনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তাদের বিদায়ের জন্য প্রস্তুতি নিতে হবে।
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার ভালো কাজ করলে বিরোধী দল হিসেবে তা প্রশংসা করা হবে। তবে ভুল বা জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে সমালোচনা অব্যাহত থাকবে। তিনি বলেন, “আপনাদের সময় খুবই সীমিত। এই সময়ের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে আমরা অভিনন্দন জানাব। অন্যথায় বিদায়ের প্রস্তুতি নিতে হবে।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম ঐতিহাসিকভাবে আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। প্রয়োজন হলে এখান থেকেই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে।”
জামায়াত আমির অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “গত কয়েক মাসের কার্যক্রমে প্রমাণ হয়েছে যে জনগণের দুর্ভোগ কমানোর ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।”
সম্প্রতি কক্সবাজারে প্রধানমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল বাজেটের সমালোচনা করছে মদ বা সিগারেটের দাম বৃদ্ধির কারণে নয়; বরং জ্বালানি, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে। তিনি দাবি করেন, জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ নিরসন এবং গণভোটের দাবিসহ বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু তুলে ধরেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার