আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসা, স্বাস্থ্যসেবায় সংস্কারের অঙ্গীকার

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, ০৪:০৩ দুপুর
  • ৮৬৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও খ্যাতিমান অনুজীববিজ্ঞানী অধ্যাপক জামালুন্নেসা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।

অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা করার পর সম্প্রতি স্বেচ্ছায় অবসরে যান। তিনি ১৯৮৮ সালে একই বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন ফাউন্ডেশন জানায়, সম্প্রতি হাসপাতালের এক শিশু মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়ায় সংশ্লিষ্ট কয়েকজন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং বিদ্যমান চিকিৎসা প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটির অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেন সরবরাহ ব্যবস্থার উন্নয়নে তিনজন স্বতন্ত্র বিশেষজ্ঞের পরামর্শে সংস্কারকাজ চলমান রয়েছে। এছাড়া হাসপাতালের করপোরেট অফিসের ওপর পরিচালিত বেকারি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধক কর্মসূচি পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজারের বেশি রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। বর্তমানে হাসপাতালটিতে প্রতিদিন প্রায় দুই হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসা গ্রহণ করেন।

এ হাসপাতালের সঙ্গে প্রায় ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন, যাদের অধিকাংশই নারী। এছাড়া মেডিকেল কলেজটিতে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

বিজ্ঞপ্তিতে রোগীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় আদ্-দ্বীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad