দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন
দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী বুধবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তা তিনি ইতোমধ্যে পেয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১৫ জুন স্বাস্থ্য সেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নিয়োগ দিয়ে নতুন কমিটি গঠন করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বকে দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে, নতুন কমিটি গঠনের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ