বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে চলেনি। দলটির জন্মলগ্ন থেকে শুরু করে বিভিন্ন সময়ের রাজনৈতিক বাস্তবতা পর্যালোচনা করলে এ বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয়।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে যখনই স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের আঘাত নেমে এসেছে, তখনই গণমাধ্যমকর্মীরা ঘটনাগুলো জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার সংগ্রামে সাংবাদিকদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নিজেকে একজন উদার গণতন্ত্রবাদী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ধর্ম, বর্ণ বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপিকে একটি গণতান্ত্রিক ও উদারপন্থী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিএনপিই সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি। রাজনৈতিক জীবনের বিভিন্ন কঠিন সময়ে সাংবাদিকরা কেবল সংবাদ পরিবেশনই করেননি, বরং অনেক ক্ষেত্রে আন্দোলন-সংগ্রামে যুক্ত মানুষের পাশে থেকেছেন।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে সরকারের ইতিবাচক ভূমিকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখনও অনেক সাংবাদিক বেকার রয়েছেন। তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার, গণমাধ্যম মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যমগুলোর ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন গণমাধ্যম প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজকে অস্থির করার চেষ্টা চলছে। এসব অপতৎপরতা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার