মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ধরনের অপরাধ শূন্যে নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বিতভাবে কাজ করছে। সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় মাদক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ সম্পূর্ণভাবে রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শুধু মিয়ানমার সীমান্ত নয়, ভারতের সঙ্গে থাকা স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
এছাড়া দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) ও টহল আউটপোস্ট (টিওবি) নির্মাণ করা হয়েছে এবং আরও স্থাপনা তৈরির কাজ চলমান রয়েছে। এতে বিজিবির টহল কার্যক্রম আরও কার্যকর হয়েছে এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হচ্ছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার