বিদেশি পর্যটক টানতে সিলেট বিমানবন্দর সম্প্রসারণ, সরকারের নতুন পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং দেশের পর্যটন খাতকে আরও গতিশীল করার লক্ষ্যে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে সিলেটকে আন্তর্জাতিক পর্যটনের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (১৯ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত ‘হারমোনি ফেস্টিভ্যাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং এথনিক ট্যুরিজম সম্প্রসারণে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। তিনি জানান, স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হবে।
আফরোজা খানম রিতা বলেন, “সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে বিমানবন্দর সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এর মাধ্যমে বিদেশি পর্যটকদের জন্য যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং পর্যটন খাতের সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কমিউনিটি, এথনিক ও ওয়াটার ট্যুরিজমের বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত হারমোনি ফেস্টিভ্যালের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় সংস্কৃতি সংরক্ষণ, পুনরুদ্ধার এবং টেকসই বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ