ছেলেদের নামের সঙ্গে মিল নিয়ে বিতর্ক: প্রধানমন্ত্রীর নির্দেশে বদলাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ১০:৫২ রাত
  • ৬২৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিতর্কের মুখে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসক জানান, স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর বিধি অনুযায়ী তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসনের জারি করা এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়।

তবে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্ক দেখা দেয়। সমালোচকদের অভিযোগ, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ও ব্যক্তিগত পরিচয়ের সঙ্গে মিল রেখে এসব নাম নির্বাচন করা হয়েছে। প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’ এবং তাঁর দুই ছেলের নাম যথাক্রমে সীমান্ত ও দিগন্ত।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে নামকরণের প্রক্রিয়া ও গণশুনানির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয়।

সংসদে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নির্বাচন করা হয়েছে এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে এ মিল সম্পূর্ণ কাকতালীয়।

তবে এ ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ইউনিয়ন দুটির নাম পুনর্বিবেচনা করে পরিবর্তনের নির্দেশ দেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নতুন নাম নির্ধারণের প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয় পর্যায়ে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad