বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতাউর রহমান।
মামলার নথি অনুযায়ী, বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও দি নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন গত ১৫ জুন বগুড়ার একটি আদালতে সম্পাদক-প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্টে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।
আদালত অভিযোগের প্রাথমিক শুনানি শেষে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য বগুড়া সদর থানাকে নির্দেশ দেন। পরে সদর থানা সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর বিভিন্ন ধারা এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করে।
মামলার অন্য আসামিরা হলেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং জেলা প্রতিনিধি সাব্বির হাসান।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১২ জুন বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পাশাপাশি ১৩ জুন প্রধানমন্ত্রীর জাতীয় সফরকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, তদন্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে বৃহস্পতিবার রাত ১১টার দিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুরের জয়দেবপুর উপজেলার বসুরা এলাকার বাসিন্দা।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রহমাতুল্লাহ মানিক জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার