প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে দেশে বিভিন্ন ধরনের উসকানি ও নেতিবাচক পরিস্থিতি তৈরির প্রচেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ফলে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। তিনি বলেন, সরকারের রাজনৈতিক দর্শনের সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না, যাতে দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, “সরকারকে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উসকানি এবং নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে আমার কাছে মনে হচ্ছে। বিষয়টি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ।”
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে—‘কাউকে শত্রু নয়, কাউকে প্রভুও নয়; সবাই আমাদের বন্ধু’। তিনি জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতি, আন্তর্জাতিক যোগাযোগ এবং বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন।
বক্তব্যে তিনি আইসিটি খাতের উন্নয়ন প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, চলতি বাজেটে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং ‘ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট’ নীতির ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সেমিনারে আরও বক্তব্য দেন ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রাফায়েল কবির, উপদেষ্টা ডা. মারুফ মল্লিক এবং ডা. শাহ জেড মিয়া।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ