দেশের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা জোরদারে বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস) স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ইতালির প্রযুক্তি প্রতিষ্ঠান ‘দ্য এজ কোম্পানি’। একই সঙ্গে বাংলাদেশি টেকনিশিয়ানদের দক্ষতা উন্নয়নে একটি বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছে ইতালীয় প্রতিষ্ঠান ‘ফ্লাইঅন অ্যারো’।
সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে কর্মরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি অভিবাসী শ্রমিকের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় রাষ্ট্রদূত জানান, ইতালীয় প্রতিষ্ঠান ‘দ্য এজ কোম্পানি’ বাংলাদেশের বিমানবন্দরগুলোতে আধুনিক বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনে আগ্রহী। এছাড়া ‘ফ্লাইঅন অ্যারো’ বাংলাদেশি টেকনিশিয়ানদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে একটি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছে।
বিমানমন্ত্রী দেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বিমানবন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে ইতালিগামী প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ করতে ঢাকা-রোম রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ বিষয়ে ইতালির রাষ্ট্রদূত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে বিমানমন্ত্রী সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এসএটিএসের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে প্রতিষ্ঠানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে।
জবাবে মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান এবং তা যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার