গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের ৬টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় কোনো অবনতির ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় সভা-সমাবেশ করা রাজনৈতিক দলের অধিকার। তবে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হয়।”
তার ভাষায়, বর্তমান সেনা মোতায়েন কোনো অস্থির পরিস্থিতির কারণে নয়, বরং নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য উত্তেজনা এড়াতেই আগে থেকেই প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।
সরকারি সূত্র বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও সমন্বিতভাবে কাজ করছে।

প্রথম দর্পণ,ডেস্ক