লোডশেডিংয়ে জনরোষ, সংসদে ক্ষোভ ঝাড়লেন এমপি হানজালা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, ১০:৪১ রাত
  • ১১৯৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নিজ নির্বাচনী এলাকায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘনঘন লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা। তিনি বলেছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে জনপ্রতিনিধিদের। দ্রুত সংকট নিরসন না হলে জনগণের কাছে জবাব দেওয়া কঠিন হয়ে পড়বে।

সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হানজালা বলেন, এলাকায় বিদ্যুৎ না থাকলে গভীর রাতেও ক্ষুব্ধ মানুষ সংসদ সদস্যকে ফোন করে অভিযোগ জানায়। জনগণ মনে করে জনপ্রতিনিধিরাই এ সমস্যার জন্য দায়ী। কিন্তু বাস্তবে বিদ্যুৎ পরিস্থিতির ওপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, সংসদে বিদ্যুৎমন্ত্রী উপস্থিত থাকলে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা ও জনগণের ভোগান্তির চিত্র সরাসরি তুলে ধরা যেত।

স্পিকারের মাধ্যমে সরকারের প্রতি দ্রুত বিদ্যুৎ সংকট সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘস্থায়ী এই সমস্যার কার্যকর সমাধান না হলে জনপ্রতিনিধিদের জন্য জনগণের মুখোমুখি হওয়া কঠিন হয়ে পড়বে।

বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি দেশের পাঠ্যপুস্তক নিয়েও সমালোচনা করেন। তার দাবি, গত ১৭ বছরে পাঠ্যবই থেকে হাজী শরীয়তউল্লাহ, শাহজালাল, শাহ পরান ও তিতুমীরের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের সংগ্রাম ও অবদানের বিষয়গুলো গুরুত্বহীন করে ফেলা হয়েছে। নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ইতিহাসচেতনায় উদ্বুদ্ধ করতে এসব মহান ব্যক্তিত্বের জীবন ও কর্ম পাঠ্যক্রমে পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

এ সময় প্রবাসীদের বিভিন্ন ভোগান্তির বিষয়ও সংসদে তুলে ধরেন হানজালা। তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা বিমানবন্দরে হয়রানি, পাসপোর্ট জটিলতা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সংসদ সদস্য হানজালা বলেন, অর্থমন্ত্রী একটি সুন্দর ও সম্ভাবনাময় বাজেট উপস্থাপন করেছেন। তবে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের দুর্নীতির সুযোগ সৃষ্টি না হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad