বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে নিয়োগকে কেন্দ্র করে কথিত একটি চুক্তিনামা ও সম্মতিপত্রে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান রাজধানীর বিমানবন্দর থানায় এ মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এস এম লাবলুর রহমানকে প্রথম পক্ষ এবং ফাহাদ হোসেনকে দ্বিতীয় পক্ষ দেখিয়ে একটি চুক্তিনামা প্রস্তুত করা হয়। ওই নথিতে উল্লেখ করা হয়, বিপিসির চেয়ারম্যান পদে নিয়োগ লাভ করলে ফাহাদ হোসেনকে অর্থ প্রদান করা হবে। তবে অভিযোগ অনুযায়ী, চুক্তিপত্রে ব্যবহৃত স্বাক্ষরটি এস এম লাবলুর রহমানের নয়; তা জাল করা হয়েছে।
এছাড়া তার নামে একটি পৃথক সম্মতিপত্রও তৈরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ওই নথিতেও তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এস এম লাবলুর রহমান বলেন, “স্বাক্ষর জাল করে আমার নামে ভুয়া নথি তৈরি করা হয়েছে। আমি কখনোই এমন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।” তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগে উল্লিখিত নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার