পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল ও রেল সংযোগের অগ্রগতি, উন্নয়নের নতুন আশার কথা বললেন এমপি মাসুদ সাঈদী

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, ১২:১০ রাত
  • ১৭৮৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা এবং রাজধানী ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকা পিরোজপুর এখন উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

বুধবার গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মাসুদ সাঈদী বলেন, নির্বাচনের আগে তিনি পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর এসব বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছেন।

জানা গেছে, জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের মাধ্যমে তিনি পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা এবং রেললাইন সম্প্রসারণের বিষয়টি উত্থাপন করেন। পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৪ জুন অনুষ্ঠিত একনেক সভায় পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রস্তাব অনুমোদন পায়। এছাড়া ১৬ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী ঢাকার সঙ্গে পিরোজপুরের রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনার কথা জানান।

মাসুদ সাঈদী বলেন, অতীতে বিভিন্ন কারণে জেলার উন্নয়ন কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। তিনি অভিযোগ করেন, নানা অনিয়ম ও দুর্নীতির কারণে পিরোজপুরের উন্নয়ন ব্যাহত হয়েছে। তবে বর্তমান সময়ে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের বিকাশ ঘটবে এবং স্থানীয় তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারিত হবে।

বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে পিরোজপুর ও আশপাশের জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। একই সঙ্গে রেল যোগাযোগ চালু হলে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে, ব্যবসায়িক ব্যয় কমবে এবং রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে।

জেলার বাসিন্দাদের আশা, অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর হবে এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে পিরোজপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad