মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল সেবা কর (ডিজিটাল সার্ভিস ট্যাক্স) আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের বেশ কয়েকটি দেশ মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর নতুন ডিজিটাল কর আরোপের পরিকল্পনা করছে এবং কিছু দেশ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে সংশ্লিষ্ট দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপর অবিলম্বে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলোও কার্যত অকার্যকর হয়ে যাবে বলে সতর্ক করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, “এটিকে আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত। যে দেশ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর এ ধরনের কর আরোপ করবে, তাদের যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে।”
তবে এই ঘোষণার প্রভাব যুক্তরাজ্যের ক্ষেত্রে কী হবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ, দেশটি ২০২০ সাল থেকেই ডিজিটাল সেবা কর কার্যকর করে আসছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এ হুঁশিয়ারি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে চলমান বাণিজ্য সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়তে পারে এবং বৈশ্বিক বাণিজ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: বিবিসি

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক