গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আজ শনিবার (২৭ জুন) ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য।
দুপুর ২টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
এছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে জানান, গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ