ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজায় অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আগামী ৩ জুলাই ইরান সফরে যাচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে প্রতিনিধি দলটি ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।
জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সদস্য হিসেবে থাকবেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস. এম. খালিদুজ্জামান এমপি।
সফরকালে প্রতিনিধি দলটি খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজায় অংশ নিয়ে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা এবং সংহতি প্রকাশ করবে।
এ ছাড়া সফরের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধি দলটি ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
এক বিবৃতিতে দলটি জানায়, এ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানোর ঘটনায় ইরান সরকারের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। একই সঙ্গে সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্যও ইরান সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে দলটি।

প্রথম দর্পণ,ডেস্ক